বেনাপোলে শ্রমিক নেতাসহ বিভিন্ন স্থানে পাঁচজন খুন
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ২১:৩৭
বেনাপোলে শ্রমিক হত্যাসহ বিভিন্ন স্থানে পাঁচজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতারা।
বেনাপোলে শ্রমিক হত্যা
বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে সোমবার শহীদ (২৫) নামে এক বন্দর শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শহীদ ছোট আঁচড়া গ্রামের আফছার আলীর ছেলে। সে বেনাপোল বন্দরে হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করতো। নিহতের বাবা আফছার আলী জানান, রবিবার রাতে দু’জন পরিচিত লোক শহীদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতেই তাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে কৌশলে লাশ ঐ গ্রামের একটি মেহগনি বাগানের গাছে ঝুলিয়ে রাখা হয়। পরে সোমবার সকালে গ্রামবাসীরা শহীদের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
বড়াইগ্রামে যুবক হত্যা করে
মোটরসাইকেল ছিনতাই
উপজেলার আদগ্রামে রবিবার রাতে নববিবাহিত যুবক আবুল হাশেমকে (২৭) শ্বাসরোধে হত্যা করে তার মোটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত হাশেমের বন্ধু মোটর সাইকেলের আরোহী জুয়েল (২৫) ও ইদ্রিসকে (২৬) হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ। নিহত হাশেম চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও আদগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক ওসমান গনির একমাত্র ছেলে। আটককৃত জুয়েল একই গ্রামের আব্দুল হামিদের এবং ইদ্রিস রামেশ্বরপুরের ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, রবিবার রাতে হাশেম ও জুয়েল অপর বন্ধু ইদ্রিসকে ঢাকাগামী গাড়িতে তুলে দেয়ার জন্য মোটর সাইকেলযোগে রাজ্জাক মোড়ের উদ্দেশ্যে রওনা হয়। পথে রাজ্জাক মোড়-জোনাইল ফিডার সড়কের আদগ্রামে গাছে রশি দিয়ে পথরোধ করে হাশেমের মোটর সাইকেলটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীরা হাশেমকে শ্বাসরোধে হত্যা করে এবং অপর দুজনকে হাত-পা বেঁধে ঝোপের পাশে ফেলে রেখে যায় বলে আহত জুয়েল ও ইদ্রিস জানায়। পরে চিত্কার শুনে স্থানীয়রা তাদের আহত অবস্থায় বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা হাশেমের লাশ, একটি ছোরা, একটি হাঁসুয়া, লাঠি ও দড়ি উদ্ধার করেছে। সোমবার দুপুরে হাসপাতাল থেকে এজাহারভুক্ত আসামি হিসাবে জুয়েল ও ইদ্রিসকে আটক করেছে পুলিশ। নিহত হাশেম মাত্র তিন মাস আগে উপজেলার উপশহর এলাকায় বিয়ে করেছিলেন বলে জানা গেছে।
উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু
শনিবার রাতে উল্লাপাড়া উপজেলার ডুবদাঙ্গা গ্রামে স্বামীর নির্যাতনে মারা গেছেন গৃহবধূ সাজেদা খাতুন (২০)। তিনি এই গ্রামের বেলাল হোসেনের ছেলে আব্দুল লতিফ লেবুর স্ত্রী। নিহত সাজেদা এক সন্তানের জননী। উল্লাপাড়া থানা পুলিশ রবিবার সাজেদা খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কালকিনিতে যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চর আইরকান্দি গ্রামের আজিজ হাওলাদারের ছেলে কাওছার হাওলাদার নামের এক যুবকের মাথা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। খুনের ঘটনায় কালকিনি থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, রবিবার রাত ৯টায় কাওছারকে তার চাচাত ভাই রাজ্জাক হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার ডেকে নিয়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে গভীর রাতে তার মাথাবিহীন দেহ একই গ্রামের চর আইরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নদীর পাড়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করে। এ ঘটনায় কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
পঞ্চগড়ে আসামিদের হামলায় বাদীর পিতা নিহত
আদালত থেকে জামিন পেয়ে আসামিরা মামলার বাদীর পিতা বৃদ্ধ ওমর আলীকে (৬৫) বেধড়ক পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আদালতে মামলা করলে আদালত মামলাটি এজাহারভুক্ত করে আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন। তবে মামলার বাদীর অভিযোগ, অজ্ঞাত কারণে পুলিশ মামলা রেকর্ড না করে কালক্ষেপণ করছে। মামলার বাদী পঞ্চগড় জেলার সদর উপজেলার কুচিয়া মোড় এলাকার তারা মিঞার অভিযোগ, পার্শ্ববর্তী ঘাঘরা খোচাবাড়ী এলাকার হারুন, হাসিবুল ইব্রাহীম, সুরুজ আলী, রমজান আলীর সাথে তার পিতা ওমর আলীর জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সম্প্রতি উপরোক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়। আদালত ওই মামলায় আসামিদের বিরুদ্ধে সমন জারি করে। সমন পেয়ে গত ২০ জুলাই আসামিরা আদালতে হাজির হয়। পরে আসামিরা জামিন পেয়েই ঐ দিনই কুচিয়ার মোড় এলাকায় আক্রমণ করে বাদীর পিতা ওমর আলীর হাত-পাসহ বুকের পাঁজর ভেঙ্গে দিয়ে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে গত শনিবার বিকালে তিনি মারা যান।