জয়পুরহাটে ব্যবসায়ীকে খুন করে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

জেলায় পাঁচবিবিতে কচুর লতির ব্যবসায়ী ফিরোজ আল মামুনকে গুলি করে হত্যা করে ২১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা ও পরিকল্পনাকারী ফরিদ ও আসলামকে র্যাব গ্রেফতার করেছে। এছাড়া র্যাব ফরিদের স্ত্রী শিরিন আক্তারকে (২৫) গ্রেফতার করে তার কাছে থাকা ছিনতাই করা ২ লাখ ৭৪ হাজার ৮শ ২২ টাকা উদ্ধার করে। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১২টায় জয়পুরহাটের র্যাবের একটি অভিযান দল ঢাকার গাবতলী এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী আসলাম (৩০) ও মূল হোতা ফরিদকে (২৯) গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদে দেয়া তথ্য অনুযায়ী গতকাল রবিবার ভোরে র্যাব ফরিদের স্ত্রী শিরিন আক্তারকে (২৫) জয়পুরহাট সদরের মোহাম্মদাবাদ ইউপির বেলআমলা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার বাড়ি তল্লাশি করে ছিনতাই করা ২ লাখ ৭৪ হাজার ৮শ ২২ টাকা উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, শহরতলীর কাশিয়াবড়ি উচ্চ বিদ্যালয়ের কাছে চিনিকল বাইপাস রোডে গত ১৩ জুলাই বিকালে বাঁশের ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে কচুর লতি ব্যবসায়ী ফিরোজ আল মামুন (৩০) ও তার সাথে থাকা অপর ব্যবসায়ী আব্দুর রহিমকে গুলি ও ছুরি দিয়ে আঘাত করে তাদের কাছে থাকা ২১ লাখ ৮ হাজার ৬শ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পর গুরুতর জখম ফিরোজ আল মামুনকে (৩০) জেলা আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অপর ব্যবসায়ী আব্দুর রহিম জেলা আধুনিক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।