শেখ কামালের আজ জন্মবার্ষিকী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৬৫তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারীদের বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন তিনি। মৃত্যুর মাসখানেক আগে ১৯৭৫ সালের ১৪ জুলাই দেশবরেণ্য অ্যাথলেট সুলতানা খুকুর সাথে তার বিয়ে হয়। মেহেদির রং মুছতে না মুছতেই হূদয়বিদারক ঘটনার শিকার হন তিনি। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আজ সকাল ৮টায় ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবে আওয়ামী লীগ। সকাল ৯টায় বনানী কবরস্থান সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শহীদ শেখ কামালের ৬৫তম জন্মবার্ষিকী দেশবাসীকে সাথে নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।