তরুণরাই মুক্তি দিতে পারবে:ড. ইউনূস
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ২২:৫১
শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার অর্থনৈতিক কাঠামো নির্মাণ করে না। তারা শুধু অর্থনীতিবিদদের প্রস্তুত করা নকশা অনুসরণ করে। তিনি বলেন, তরুণদের অন্ধ অনুসরণকারী হওয়া যাবে না। অপরাজেয় রাস্তায় এগিয়ে যেতে হবে। এতেই আমাদের মুক্তি মিলবে। তরুণরা না পারলে আর কেউ এটা পারবে না। সম্প্রতি পোল্যান্ডের উডস্টক মিউজিক ফেস্টিভ্যালে বিপুলসংখ্যক ইউরোপীয় তরুণদের উদ্দেশে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।
গত ৩১ জুলাই থেকে ২ আগস্ট এই ওপেন এয়ার মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ লাখের মতো তরুণ এই উত্সবে যোগ দেয়। ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে আরো বলেন, তরুণদের মন নতুন কোনো কিছু দেখার জন্য এখনো উন্মুক্ত রয়েছে। এ কারণে তারা বর্তমান ব্যবস্থার ত্রুটি আগের প্রজন্মের চেয়ে ভালোভাবে দেখতে পারে। তরুণরাই হতে পারে নির্মাতা। তাদের অবশ্যই নির্মাতা হতে হবে। যারা অতীত ব্যবস্থাকে তৈরি করেছিলো তাদের থেকে তরুণরা অনেক বেশি যোগ্য এবং দক্ষ।