ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণ সহাবস্থান করছে বাংলাদেশে
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ২২:৫৩
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও উপজাতি সবাই বাঙালি। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশে শান্তিপূর্ণ সহাবস্থান করছে। এটাই বাংলাদেশের সৌন্দর্য। কিন্তু ২০০১ সালের ৩ জুন বানিয়ারচর ক্যাথলিক গির্জায় যে ঘটনা ঘটেছে, সেটা বাংলাদেশের একটি অস্বাভাবিক ঘটনা। ওই দিন ১০ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আমি এখানে এসেছি।
গতকাল সোমবার সকালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জার অডিটোরিয়ামে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গির্জার ফাদার মৃত্যুঞ্জয় দফাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ড্যান মজীনার স্ত্রী গ্রেস মজীনা, ইউএসএআইডি বাংলাদেশের প্রধান কার্জন নাইট উইন, স্থানীয় খ্রিস্টান কমিউনিটি নেতা অধীর সাহা, রকিম বৈরাগী, জ্যাকব বৈদ্য প্রমুখ বক্তব্য রাখেন।
সকালে বানিয়ারচর ক্যাথলিক গির্জায় পৌঁছে মজীনা ২০০১ সালের ৩ জুন গির্জায় বোমা হামলায় নিহত ১০ যুবকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তাদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। পরে তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন।
ফুরিদপুর প্রতিনিধি জানান, মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা গতকাল ফরিদপুর আসেন। তিনি বিকালে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
এর আগে তিনি ফরিদপুর ডায়াবেটিক সমিতি হাসপাতালে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এরপরে তিনি ফরিদপুর ডায়াবেটিক মেডিক্যাল কলেজ হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেন।