সিঙ্গাপুরে নতুন শ্রম আইন বলবত্ :টার্গেট বিদেশি শ্রমিকরা

নতুন শ্রম আইন কার্যকর করেছে সিঙ্গাপুরে। এই আইনে টার্গেট করা হয়েছে বিদেশি শ্রমিকদের। তবে সিঙ্গাপুর সরকার দাবি করেছে, বিদেশি শ্রমিকদের প্রতি কঠোরতা আরোপ করা হয়নি। বরং দেশি শ্রমিকরা যাতে কাজের একটা ‘লেভেল প্লেয়িং’ ফিল্ড পায় তা নিশ্চিত করা হয়েছে কেবল। দেশটির অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, বিদেশি শ্রমিকরাই সিঙ্গাপুরের অর্থনীতিতে গতিসঞ্চার করতে বড় ভূমিকা রাখে। নতুন আইনের ফলে তাতে নেতিবাচক প্রভাব পড়বে। খবর বিবিসির। সংশ্লিষ্টরা জানিয়েছে, চলতি মাসের ১ তারিখ থেকে শ্রম আইনটি বলবত্ হিসেবে ধরা হবে। আইনে বলা হয়েছে দেশের বড় এবং মাঝারি আকারের কোম্পানি যদি ১২ হাজার সিঙ্গাপুরি ডলার (৯ হাজার ৭০০ মার্কিন ডলার) এর নিচে বেতনের কোনো পদের জন্য লোক নিয়োগ করে তবে অবশ্যই সরকারি অনলাইন জবসাইটে বিজ্ঞাপন দিতে হবে। সেখানে কেবল যাদের সিঙ্গাপুরের নাগরিকত্ব আছে কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে, তারাই আবেদন করতে পারবেন। তাছাড়া অন্য চাকুরিতে কোনো বিদেশী শ্রমিক-কর্মকর্তা নিয়োগের আগে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে দেশী নাগরিকদের জন্য কমপক্ষে দুই সপ্তাহ আবেদনের সুযোগ রাখতে হবে। দুই সপ্তাহের মধ্যে যদি পর্যাপ্ত লোক না পাওয়া যায় তবেই কেবল বিদেশীরা আবেদন করতে পারবেন। উল্লেখ্য, বর্তমানে সিঙ্গাপুরের প্রায় ৩৪ লাখ দক্ষ শ্রমিকের প্রায় ৩৪ শতাংশই বিদেশী নাগরিক।