দুপচাঁচিয়ার তিন গ্রামে দুর্বৃত্তদের হামলা
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ২২:৫৪
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ হাটের পার্শ্ববর্তী তিনটি গ্রামে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। তারা সশস্ত্র অবস্থায় আওয়ামী লীগ নেতা, স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় দুর্বৃত্তরা বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। দুর্বৃত্তদের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা দিলবর আলীসহ সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন নারীও রয়েছেন। আব্দুর রশিদ ও দিলবর আলীকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার দিবাগত রাত একটা থেকে দুইটা পর্যন্ত এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এরপর দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের পরিবার ও এলাকাবাসী ঘটনার জন্য গুনাহার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবুল কালাম ও তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে। গতকাল সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী ও সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায় ঘটনাস্থল পরিদর্শনে গেলে এই অভিযোগ করা হয়।
এদিকে এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সোমবার বিকেলে হাসপাতালে চিকিত্সাধীন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ মারা গেছেন এমন গুজব ছড়িয়ে রাতের ঘটনার জন্য অভিযুক্ত গুনাহার ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ও তার দু’ভাইয়ের বাসায় হামলা, ভাংচুর এবং তার ছোটভাই ও এক বিএনপি সমর্থকের দোকানে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয় ।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্রমিক দল নেতা আবুল কালাম এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এই তাণ্ডব চালিয়েছে।