ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সড়ক ও জনপথ বিভাগের ঠাকুরগাঁওয়ের (সওজ) নির্বাহী প্রকৌশলী বিমল চন্দ্র মিস্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছেন পটুয়াখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক এ এস এম তারেক সামশ। ঘুষ গ্রহণের অভিযোগে ঠিকাদার মো. ফোরকান হাওলাদারের দায়ের করা মামলায় গতকাল সোমবার দুপুরে শুনানি শেষে তার বিরুদ্ধে এ আদেশ দেয়া হয়। মামলার বাদী পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার মো. ফোরকান হাওলাদার তার অভিযোগে বলেন, ২০১১ সালে বিমল চন্দ্র মিস্ত্রী পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী হিসাবে চাকরিরত অবস্থায় সড়ক বিভাগে ঠিকাদারি কাজ দেয়ার কথা বলে তার কাছ থেকে ৬ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। কিন্তু তাকে কাজ না দিয়ে তিনি পটুয়াখালী থেকে অন্যত্র বদলি হয়ে যান। এ সময় প্রকৌশলী বিমল চন্দ্র ২০১৩ সালে জনতা ব্যাংকের অনুকূলে ৬ লাখ টাকার চেক প্রদান করেন। চেকটি ব্যাংকে কয়েকবার জমা দিলে প্রত্যাখ্যাত হয়। ঠিকাদার ফোরকান হাওলাদার গত ১৭ এপ্রিল পটুয়াখালীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। বিমল চন্দ্র মিস্ত্রী বর্তমানে ঠাকুরগাঁওয়ে সওজ-এর নির্বাহী প্রকৌশলী হিসাবে কর্মরত আছেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মজিবুর রহমান দুলাল।