কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের দাবি না মানা হলে অনশনের হুমকি
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ২২:৫৬
জেলায় কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় হেসং বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা ওভারটাইমসহ ৭ দফা দাবিতে আন্দোলনের ২য় দিন গতকাল সোমবারও বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে। তাদের দাবি ৩ দিনের মধ্যে মানা না হলে তারা অনশন করবে বলে কর্তৃপক্ষকে হুমকি প্রদান করে। এ সময় শ্রমিকরা ৭ দফা দাবির একটি লিফলেট কর্তৃপক্ষকে প্রদান করে।
দাবিগুলো হলো—ওভারটাইম ও প্রোডাকশন বোনাস প্রদান, কার্ড হাজিরা ৬০০ টাকা, বাত্সরিক ছুটির টাকা, ২০১৩ সালের শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মজুরি ৬ হাজার ৮শ ২০ টাকা, শ্রম আইন অনুযায়ী বাত্সরিক ছুটি, প্রোডাকশনের আগে পিস রেইট, বহিরাগত লোক দ্বারা কারখানার শ্রমিকদের হয়রানি বন্ধ। শ্রমিকরা জানায়, দাবি মেনে না নিলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তবে কারখানার অ্যাডমিন অফিসার দুলাল হোসেন জানান, এ কারখানায় শ্রমিকরা প্রোডাকশনের উপর মজুরি পাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিকাল ৫টার পর আর কাজ করাবো না।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, আন্দোলনের ২য় দিনে কারখানার শ্রমিকরা গতকাল সকালে কাজে যোগদান না করে কর্মবিরতি শুরু করে। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি না দিলেও সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকরা ইচ্ছা মতো কারখানা ত্যাগ করে চলে যায়। শিল্প-পুলিশ গাজীপুর-২-এর ওসি মো. জাকির হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষ ছুটি না দিলেও শ্রমিকরা নিজের ইচ্ছামতো কারখানা ত্যাগ করে চলে যায় । শ্রম-আইন অনুসারে এসব কারখানার শ্রমিকরা ওভারটাইম পায় না।