প্রকাশিত সংবাদ প্রসঙ্গে
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ২২:৫৬
গত শনিবার দৈনিক ইত্তেফাকের শেষ পৃষ্ঠায় ‘আড়াই মাস বন্ধ চট্টগ্রামের ইউএসটিসি বিশ্ববিদ্যালয়’ শীর্ষক সংবাদের ব্যাপারে নিজস্ব অবস্থান ব্যাখ্যা করেছেন ইউএসটিসির বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেট সদস্য ডা. নীনা ইসলাম। এতে এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিদের চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব অবস্থান তুলে ধরা হয়।
ডা. নীনা ইসলাম বলেন এমবিবিএস প্রোগ্রামের তিনটি ব্যাচের নিবন্ধন প্রক্রিয়া বিচারিক এবং প্রশাসনিক কারণে বিলম্বিত হলেও নিবন্ধনগুলো দিতে বিএমডিসি সম্মত হয়েছে। উপাচার্য, উপ উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়াধীন আছে। সকল অনুসন্ধানের লিখিত প্রত্যুত্তর ইউএসটিসি কর্তৃপক্ষ যথাসময়ে ইউজিসিকে প্রদান করেছেন।
প্রতিবেদকের বক্তব্য
প্রকাশিত সংবাদে উক্ত বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক, চিকিত্সক, কর্মকর্তা-কর্মচারি সমন্বয় পরিষদের অভিযোগ, বিভিন্ন দাবি এবং বক্তব্য প্রকাশিত হয়েছে। তাছাড়া ইউএসটিসি কর্তৃপক্ষ যে বক্তব্য দিয়েছেন তাতে সমন্বয় পরিষদের অভিযোগ ও দাবির অধিকাংশই অস্বীকার করা হয়নি। ডা. নীনা ইসলাম ব্যাখ্যায় বলেন, প্রকাশিত সংবাদে তার উদ্ধৃতি ‘সঠিক নয় ও বিভ্রান্তিকর’। প্রকৃতপক্ষে সংবাদের কোথাও নীনা ইসলামের নাম উল্লেখ করা হয়নি।