ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে সর্বাত্মক তত্পরতার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ২২:৫৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ পিনাক-৬ উদ্ধারে সর্বাত্মক তত্পরতা নিশ্চিত কর?ার নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার লঞ্চডুবি ঘটনার পর পরই প্রধানমন্ত্রী নৌবাহিনী, র্যাব, কোস্ট গার্ড, ফায়ার ব্রিগেড ও বিআইডব্লিউটি-এর সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশ দিয়ে বলেন, উদ্ধার তত্পরতায় কোনো ধরনের অবহেলা করা চলবে না। প্রধানমন্ত্রী উদ্ধার কাজের সার্বক্ষণিক খোঁজ-খবরও রাখছেন।
প্রধানমন্ত্রীর এ নির্দেশনার পরই নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ঘটনাস্থলে যান। উদ্ধারকারী জাহাজ রুস্তম উদ্ধার অভিযানে রওনা দেয়। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার তত্পরতা অব্যাহত ও নির্বিঘ্ন রাখতে স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, সোমবার বেলা ১১টার দিকে মাওয়া ঘাটের অদূরে লৌহজং চ্যানেলে প্রচণ্ড স্রোতের তোড়ে ২৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি কাওড়াকান্দি থেকে মাওয়া যাচ্ছিলো। শতাধিক যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার ব্রিগেডের ডুবুরীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।