খালাসিদের নজরদারিতে বেঁচে গেলেন আঁচল লঞ্চের হাজারো যাত্রী

খালাসিদের নজরদারির কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন বরিশাল থেকে ঢাকাগামী এমভি আঁচল ৪ লঞ্চের হাজার খানেক যাত্রী। বাবুগঞ্জের শিকারপুর লঞ্চঘাটে এমভি রাজদূত ৭ লঞ্চের সাথে সংঘর্ষে এমভি আঁচল ৪ লঞ্চের তলা ফেটে গেলেও লঞ্চটির কেউ তা টের পায়নি। কিন্তু শিকারপুর লঞ্চঘাটে নোঙ্গর করার পর ডেকে মালামাল রাখতে গিয়ে খালাসিরা খেয়াল করেন লঞ্চের তলা ফেটে দ্রুত বেগে পানি উঠছে। লঞ্চ কর্তৃপক্ষ দ্রুত যাত্রীদের লঞ্চ থেকে নামিয়ে দিলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা। প্রত্যক্ষদর্শী জানায়, হুলারহাট ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা এমভি আঁচল-৪ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শিকারপুর লঞ্চ ঘাটে নোঙ্গর করে। এর প্রায় ১০ মিনিট পরে রাজদূত-৭ দ্রুত বেগে ঐ ঘাটে আড়াআড়ি ভাবে নোঙ্গর করতে গিয়ে আঁচল-৪ কে ধাক্কা দিলে ঘাটের পল্টুনসহ নদীর মধ্যে চলে যায়। এ সময় ঘাটে থাকা একটি ট্রলার ও ক্লাবঘর ভেঙ্গে যায়। লঞ্চ ঘাটে থাকা লোকজন পল্টুনটি নদী থেকে উদ্ধার করে। এ ঘটনার পরে আঁচল-৪ লঞ্চটি ঐ ঘাট থেকে প্রায় ৩ কিলোমিটার দূরত্বে থাকা উপজেলার বাহেরচর ঘাটে নোঙ্গর করে। খবর পেয়ে বাবুগঞ্জ থানার এসআই আমানউল্লাহ ফোর্স নিয়ে দুর্ঘটনা কবলিতস্থানে ছুটে গিয়ে যাত্রীদের যানমাল রক্ষা করেন। যাত্রীদের দুর্ভোগ নিরসনের জন্য লঞ্চ কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় লঞ্চটি মেরামত করে রাত সাড়ে ১২ টায় যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দ্যোশে ছেড়ে যায়