শিকল ভাঙ্গা পণ নিয়েই প্রতিরোধ গড়বে জনগণ
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ২৩:০০
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, বর্বরোচিত পরিকল্পনা দিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না এবং নিজেরাও অবৈধ ভাবে টিকে থাকতে পারবেন না। তিনি বলেন, সরকারের সকল কর্মকাণ্ডই অবৈধ। অবৈধ পন্থায় জনগণকে বেশি দিন শৃংখলে বন্দী করে রাখা যাবে না। শিকল ভাঙ্গা পণ নিয়েই জনগণ এই অবৈধ সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলবে।
গতকাল সোমবার এক বিবৃতিতে মির্জা ফখরুল আরো বলেন, সরকার জুলুম-নির্যাতন, গুম, অপহরণ, গুপ্ত হত্যার ভয়ঙ্কর নির্মমতার পাশাপাশি বিরোধী দলকে নেতৃত্বশূন্য করার জন্য মিথ্যা মামলা দিয়ে জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতার-হয়রানি অব্যাহত রেখেছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চতর আদালত থেকে জামিন পাবার পরও সরকার নানা কারসাজি করে তাকে কারারুদ্ধ করে রেখেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আসন্ন আন্দোলনকে দমন করার আগাম পদক্ষেপ হিসেবেই ড. মোশাররফকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। দেশকে বিরোধী দলশূন্য করা এখন সরকারের একমাত্র মহাপরিকল্পনা।