বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানের মাজারে আমরা শপথ নিয়েছি, গণতন্ত্রের মা দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশের গণতন্ত্রকে মুক্ত করব। গতকাল বৃহস্পতিবার জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মহাসচিব। জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুলসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আযম খান, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ের নিচতলায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে ফখরুল বলেন, নির্বাচনের নামে যে নাটক হয়েছে, অবিলম্বে সে নির্বাচনকে বাতিল করে একটি নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নতুন নির্বাচন করে পার্লামেন্ট গঠন করতে হবে। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাব নেতা ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. হারুন আল রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।