কেরির ফোনে আড়ি পেতেছিল ইসরাইল

যে দেশের সমর্থন নিয়ে ইসরাইল ফিলিস্তিনিদের ওপর পীড়ন চালাচ্ছে, সেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ওপরই গোপনে নজরদারি চালিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। জার্মান সাময়িকী ডের স্পিগেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে ফিলিস্তিন ও আরব দেশগুলোর সঙ্গে শান্তি আলোচনার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ফোনে আড়ি পেতেছিল ইসরাইলি গোয়েন্দা সংস্থা। ওই প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসরায়েলের গুপ্তচররা এবং অন্তত একটি গোয়েন্দা সংস্থা কেরির ফোনে আড়ি পেতেছিল, যদিও কেরির নয় মাসের সেই ‘দূতিয়ালি’ শেষ পর্যন্ত সাফল্য পায়নি।জেরুজালেম বা ওয়াশিংটন এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও কোনো বক্তব্য দেয়নি। তবে স্পিগেলের দাবি সত্যি হলে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের সামপ্রতিক তিক্ততা আরো বাড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন। জাতিসংঘ ও বিশ্ব সমপ্রদায়ের নিন্দা-প্রতিবাদে পাত্তা না দিয়ে ফিলিস্তিনের গাজায় প্রায় একমাস ধরে ত্রিমুখী হামলা চালিয়েছে ইসরাইল।