অ্যাসিড নিক্ষেপের দায়ে মহিলাসহ তিন জনের যাবজ্জীবন
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৪, ২০:৪২
নেত্রকোনায় অ্যাসিড সন্ত্রাস মামলায় এক মহিলাসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৫ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে নেত্রকোনার অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে, নেত্রকোনা সদর উপজেলার ঝাউসী গ্রামের ওয়াদুদ মিয়ার স্ত্রী রেজিয়া (৫০), সিদ্দিক (৫০) এবং বারেক (২৫)। এর মধ্যে সিদ্দিক পলাতক। দীর্ঘ ৬ বছর মামলা চলার পর গতকাল মঙ্গলবার এ রায় প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ঝাউসী গ্রামের ওয়াদুদ মিয়ার দুই বউ। স্বামীকে বাগে আনতে দ্বিতীয় স্ত্রী রেজিয়া নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে জেল খাটায়। ২০০৭ সালের ৩০ অক্টোবর রেজিয়া, বারেক ও সিদ্দিক ওয়াদুদ মিয়ার প্রথম স্ত্রী হাজেরা খাতুনের শরীরে অ্যাসিড ছুঁড়ে মারে। এতে হাজেরার চোখ নষ্ট হয়ে যায় ও মুখমণ্ডলের বিকৃতি ঘটে। পরদিন হাজেরার ছোট বোন শাহারা খাতুন নেত্রকোনা সদর থানায় মামলা দায়ের করে।