পূর্বধলায় দুই নারীসহ পৃথক ঘটনায় ১৪ জন নিহত

নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১৪ নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। পূর্বধলায় লড়ির নিচে চাপা পড়ে দুই নারীর মৃত্যু নেত্রকোনার পূর্বধলা উপজেলার মহিষবেড় এলাকায় গতকাল মঙ্গলবার বিকালে একটি বালু বোঝাই লড়ির নিচে চাপা পড়ে রহিমা খাতুন (৫৫) ও রোজিনা বেগম (৩৬) নামে দুই রিকশা আরোহী মারা গেছেন। নিহত রহিমা খাতুন ও রোজিনা বেগম নিজ বাড়ি থেকে রিকশাযোগে শ্যামগঞ্জ বাজারে যাওয়ার পথে লড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। ত্রিশালে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ময়মনসিংহের ত্রিশালে গত সোমবার রাত ৯টায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ধোবাউড়া উপজেলার কলতাপাড়া গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম (২৫) ও একই গ্রামের শম্ভু দাসের ছেলে সুমন দাস (২৬)। নান্দাইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী নয়াপাড়া এলাকায় গত সোমবার দুপুরে পুকুরে ডুবে ফরহাদ (১০) ও আরহাদ (৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। দুই শিশু তার মা ফাতেমা আক্তারের সাথে মুশুলী নয়াপাড়া গ্রামে নানা এখলাছ উদ্দিনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাদের বাড়ি নান্দাইল উপজেলার কালিগঞ্জ গ্রামে। তারা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। নবীনগরে বিদ্যুত্স্পৃষ্টে একজনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতোয়া গ্রামের বাজারে গত সোমবার রাতে বিদ্যুত্স্পৃষ্টে মো. ইউনুছ মিয়া (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ সময় সুনিল চন্দ্র সরকার ও জাকির হোসেন নামে দুইজন আহত হয়েছেন। আহতদের নবীনগর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহেশপুরে যুবকের আত্মহত্যা ঝিনাইদহের মহেশপুরে পিতার সাথে অভিমান করে গত সোমবার রাতে গলায় ফাঁস দিয়ে শংকর মুখার্জি (২২) নামে এক ছাত্র আত্মহত্যা করেছেন। সে ঢাকা মিরপুর প্যারামেডিক্যাল কলেজের ছাত্র। বগুড়ায় অ্যাম্বুলেন্সের হেলপার নিহত বগুড়ার শিবগঞ্জের চন্ডিহারা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে যাত্রীবাহী কোচের ধাক্কায় অ্যাম্বুলেন্স উল্টে ফারুক হোসেন (২০) নামে অ্যাম্বুলেন্সের হেলপার নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদেরকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জে যুবকের লাশ উদ্ধার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী ধুনহাজী রোড এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয় (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম জানায়, লাশের বুকে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্যত্র হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে। তালতলীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার বরগুনার তালতলী উপজেলায় নিখোঁজ জেলে আবু আকনের লাশ বড়ইয়ারচর থেকে গতকাল মঙ্গলবার সকালে উদ্ধার করেছে জেলেরা। আবু আকনের ভাই কবির আকন জানান, সোমবার সকালে এফবি সোনা মিয়া নামের একটি ট্রলার নিয়ে তালতলীর নিদ্রাসকিনা গ্রামের ১১ জন জেলে সাগরে মাছ ধরতে যায়। রাতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্যান্য জেলেরা বেঁচে গেলেও কবির আকন নিখোঁজ হয়। গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু গাজীপুর মহানগরীর মীরেরগাঁও এলাকায় গত সোমবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তি মারা গেছেন। তার মাথা থেতলে যায় এবং ডান পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। তার পরনে সবুজ টি শার্ট ও ফুল প্যান্ট ছিল। দাউদকান্দিতে বিদ্যুত্স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোপচর গ্রামে গতকাল মঙ্গলবার বিদ্যুত্স্পৃষ্টে রিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। এ সময় জাহানারা নামে আরো এক গৃহবধূ আহত হন। জাহানারা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগাড়ায় গৃহবধূর আত্মহত্যা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনের দয়ারপাড়ায় গতকাল মঙ্গলবার সকালে গুরামনু (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী জানায়, বিবাহের পর থেকে তাদের দাম্পত্য জীবন সুখী ছিল না। আর্থিক অস্বচ্ছলতার কারণে সবর্দা তাদের সংসারে অশান্তি বিরাজ করত। সেই কারণে সে আত্মহত্যা করেছে।