টঙ্গীতে র্যাব-১ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের এক সদস্য গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ র্যাব সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। বুধবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
র্যাব-১ এর এএসপি মো. কামরুজ্জামান জানান, ছিনতাইয়ের প্রস্তুতির সময় র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় ছিনতাইকারী চক্রের সদস্যরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে দুইজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন সৈনিক রাকিব। অপর আহতরা হলেন এএসআই সাইফুল ও সৈনিক কামরুল। নিহতদের মধ্যে একজনের নাম ব্লেড বাবু। বাবু উত্তরার কোটবাড়ি এলাকার আকবরের বাড়ির ভাড়াটিয়া। অপরজন নান্নু ওরফে ট্যাংরা নান্নু। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অসংখ্য অভিযোগ রয়েছে। এরা টঙ্গী বাজার ও আব্দুল্লাহপুর এলাকার দুর্ধর্ষ ছিনতাইকারী চক্রের সদস্য।