পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৪, ২০:৪৪
দিনাজপুরের নবাবগঞ্জ থানার একজন এসআই, একজন এএসআই ও তিনজন পুলিশ কনস্টেবল কর্তৃক ১ হাজার ২৫৩ বোতল ফেনসিডিল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত সোমবার অভিযুক্তদেরকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে নেয়া হয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
গত ১৯ জুলাই নবাবগঞ্জ উপজেলার দলারদরগা নামক স্থানে থানার এসআই শাহাদত হোসেনের নেতৃত্বে এএসআই রেজাউল করিমসহ কনস্টেবল সোহেল রানা, মাহাবুব (১) ও মাহবুব (২) অভিযান চালিয়ে ১ হাজার ৪৫০ বোতল ফেনসিডিল জব্দ করেন। পরে ঐ পুলিশ সদস্যরা যোগসাজশ করে ১৯৭ বোতল ফেনসিডিল থানায় জমা দিয়ে বাকী ১ হাজার ২৫৩ বোতল ফেনসিডিল বিক্রি করে দেন।
ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন বলেন, যেহেতু অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হওয়ায় মামলার হাজিরা দিতে তাদেরকে পুলিশ সুপারের কাছে আসতে হবে। সে কারণে তাদেরকে পুলিশ লাইনে রাখা হয়েছে।