বাংলাদেশ ভারত হকি

তিন ম্যাচের সিরিজ শুরু হচ্ছে আজ বিকেএসপিতে

প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের হকি দলের মধ্যে তিন ম্যাচের সিরিজ শুরু হতে যাচ্ছে আজ বুধবার। সাভারের বিকেএসপিতে হবে খেলাগুলো। সবগুলো খেলা শুরু হবে বিকেল ৪টায়। স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালে প্রথমবার বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হকি দল ভারতে গিয়েছিল প্রদর্শনী ম্যাচ খেলতে। ভারতের বিভিন্ন স্থানে ম্যাচ খেলেছে। অধিনায়ক আব্দুস সাদেক, সামসুল বারী, মহসিন, ইব্রাহিম সাবের, সাব্বির ইউসুফরা তখন কলকাতায়, দিল্লী, কানপুর, চন্ডিগড়ে ম্যাচ খেলেছিলেন। কিন্তু দুই দেশের মধ্যে হকি সিরিজ হয়নি কখনো। বেশ কয়েকবার উদ্যোগ নিলেও সেটা হয়নি দূরত্বের কারণে। বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক বললেন,‘আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু সিরিজটা খেলা হয়নি। এবার সেটা করতে পারছি। ভারত এসেছে সিরিজ খেলবে আজ বিকেএসপিতে।’ ভারতের মূল হকি দল আসেনি। এসেছে তাদের বাছাইকৃত একটি দল। দৃশ্যত ভারতের ‘এ’ দল এটি। কিন্তু গতকাল সকালে ঢাকায় আসা দলটির কর্মকর্তাদের দাবি এটাও জাতীয় হকি দল। গতকাল দুপুরে হকি ফেডারেশনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ম্যানেজার হারেন্দ্র সিং বলেছেন, যে দলটি গ্লাসগো কমনওয়েলথ গেমস হকিতে খেলেছে সেটি জাতীয় দল। আর ঢাকায় যে দলটা এসেছে সেটিও জাতীয় হকি দল। দু’জন ছাড়া বাদ বাকি সবার আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে।’ এটি ভারতের জাতীয় হকি দল কিনা সে ব্যাপারে ওঠা প্রশ্নের সুরাহা হয়নি। তার মধ্যেই বলা হচ্ছে এবারই ভারতের সাথে সিরিজ খেলছে বাংলাদেশ, দাবি সাবেক হকি তারকা সামসুল বারীর। তিনি বললেন, ‘ভারতের জাতীয় হকি দল না হলেও মূল জাতীয় দলের মধ্যে পার্থক্যটা উনিশ বিশ। মানের দিক থেকে মূল জাতীয় দলের চেয়েও কম হবে না আশাকরি।’ বাংলাদেশের সাথে তিন ম্যাচের সিরিজ খেলবে ভারতের হকি দল। আজ বিকাল ৪টায় প্রথম ম্যাচ। দ্বিতীয়টি আগামীকাল এবং শেষ ম্যাচ হবে শনিবার। এশিয়ান গেমস হকিতে যাওয়ার আগে ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী বারবার জানিয়ে ছিলেন প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজনীয়তা। বাংলাদেশের খেলোয়াড়রাও খুশি ভারতের খেলোয়াড়দের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে বলে। কঠিন হলেও সেটিকে ভালোভাবেই দেখছেন তারা। তাছাড়া বাংলাদেশের পাশাপাশি ভারতও এশিয়ান গেমস হকিতে খেলবে। দুই দেশের জন্য এটা ভালো দিক। দক্ষিণ কোরিয়া যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিচ্ছে। ভারত আর বাংলাদেশের হকি দলের শক্তির পার্থক্য বিরাট। তার পরও ভারত থেকে আসা হকি দলটির কোচ তুষার খন্দকার জানিয়েছেন এই সফরটি আমাদের জন্য হবে অভিজ্ঞতা অর্জন। হকির কর্মকর্তা সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল বললেন,‘হকিতে ভারত শক্তিশালী দল। ওদের সাথে খেলতে পারলে আমাদের খেলোয়াড়রা নিজেদের আরো ভালোভাবে চিনতে পারবে। এশিয়ান গেমস হকিতে গিয়ে আরো ভালো খেলতে পারবে বলে আমার বিশ্বাস।’ ভারতের কোচ তুষার বলছেন, ‘বাংলাদেশের সাথে খেলে তাদেরও অভিজ্ঞতা অর্জন হবে।’ কিভাবে জানতে চাইলে ভারতীয় দলের অধিনায়ক বিক্রমনাথ বলেন, ‘আমরা বাংলাদেশের খেলোয়াড়দের সমীহ করি। দলটিকে শক্তিশালী মনে করেই খেলতে এসেছি।’ সফরকারীদের সহকারি অধিনায়ক উত্থাপা খেলেছেন ৫৪ আন্তর্জাতিক ম্যাচ। যুবরাজ খেলেছেন ৪৪টি। নিথিন খেলেছেন ৩৬টি যদিও কাল অনুশীলনে ব্যথা পাওয়ায় তাকে ফিরে যেতে হয়েছে। এছাড়া হারবির সিং ৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৭০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা দলের অধিনায়ক বিক্রমনাথের। তিনি বলছেন, এখানে কার ইতিহাস বড়। কে কি ঐতিহ্য সংরক্ষণ করেন। সেটা মুখ্য নয়। আমরা বাংলাদেশকে গুরুত্বের সাথেই নিয়েছি।’ এই অভিজ্ঞ দলের সাথে নান্নু, চয়ন, মিমো, নিলয়, তাপষ, বেলাল, শিটুল, কৃষ্ণারা কতোটা পারবেন তা বলা কঠিন। ১৯৯৪ এবং ৯৭ সালে ভারতীয় জার্সি গায়ে বাংলাদেশে খেলতে আসা ভারতীয় দলের ম্যানেজার হারেন্দ্র সিং বললেন, ‘এই সফর দুই দেশের হকি সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে।’ হকি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুস সাদেক এ প্রসঙ্গে বলেছেন,‘আমরাও আগামীতে ভারতে গিয়ে সিরিজ খেলবো বলে আশা রাখি।’ তিন ম্যাচের সিরিজটি ঢাকায় অনুষ্ঠিত হলে হকি দর্শকরা উপভোগের সুযোগ পেতেন। খেলাগুলো বিকেএসপিতে নিয়ে যাওয়া প্রসঙ্গে ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানান, মওলানা ভাসানী স্টেডিয়ামে টার্ফ পরিষ্কারের কাজ চলছে। তা ছাড়া সেপ্টেম্বরে ওয়ার্ল্ড হকি লিগের গ্রুপ পর্বের খেলা রয়েছে। বাংলাদেশ প্রাথমিক হকি দল ম্যাচগুলো শুরুর আগেই বিকেএসপিতে অনুশীলন করছে।