সেরেনার লক্ষ্য এখন ১৮তম গ্র্যান্ড স্ল্যাম জয়
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৪, ২১:৩৩
সেরেনা উইলিয়ামস স্টানফোর্ডে শিরোপা জয়ের সুবাদে আত্মবিশ্বাসী হয়েই ডব্লিউটিএ মন্ট্রিল হার্ডকোর্ট টুর্নামেন্টে খেলতে এসেছেন। যদিও তার আশু লক্ষ্য ইউএস ওপেনেই নিজের ১৮তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়। এ ব্যাপারে আশাবাদীও বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে থাকা এ তারকা।
ইউএস ওপেন শুরুর তিন সপ্তাহ থাকতে অনুষ্ঠিত প্রথম প্রস্তুতিমূলক টুর্নামেন্টটিতে শিরোপা জেতেন সেরেনা। ভাইরাস জনিত অসুস্থতার কারণে উইম্বলডনের ডাবলস থেকে বাদ পড়ার পর পাওয়া এ সাফল্যের মধ্য দিয়ে তিনি নিজের ফর্মে থাকার বিষয়টি জানান দিলেন।
যুক্তরাষ্ট্রের এই মহিলা টেনিস খেলোয়াড়টি বলেন, ‘গ্রীষ্মকালের এ টুর্নামেন্টগুলোতে আমি আমার সেরাটা দিতে চেষ্টা করছি। কেবলমাত্র টুর্নামেন্ট নয়, প্রতিটি ম্যাচেই আমি ভাল করার চেষ্টা করছি।’ তিনি আরো বলেন, ‘১৮তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের চেষ্টায় যদিও তা আমাকে ফাঁকি দিয়ে যাচ্ছে, আমি আশা করি একদিন ব্যাপারটা সফল করতে সক্ষম হবো।’
ফ্লাসিং মিডোতে স্বপ্ন পূরণের আগে নিজের ফর্মের উন্নতির চেষ্টায় উইলিয়ামস স্টানফোর্ডের সাফল্যকে পেছনে ফেলে এগুতে চান। এ ব্যাপারে তিনি বলেন, ‘অবশ্যই এ শিরোপা জিতে আমি অভিভূত। তবে সেটা জিতেছি গত সপ্তাহে। তাই এখন আমার মনোযোগ এ সপ্তাহের দিকে।’
ইতোমধ্যে সেরেনা বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে ২০০তম সপ্তাহ টিকে থাকা উদযাপন করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘এটা দারুণ। আমি এ ব্যাপারে সত্যি ভাল বোধ করছি। এটা আমার জন্য দারুণ। ২০০ সপ্তাহ শীর্ষে কাটাতে সক্ষম হওয়ায় আমি শিহরিত বোধ করছি।’
মন্ট্রিলের এই প্রতিযোগিতায় শীর্ষ খেলোয়াড়রা প্রথম রাউন্ডে বাই পেয়েছেন। সে জন্য সেরেনাও প্রস্তুতির জন্য পাচ্ছেন বাড়তি কিছু সময়। বাসস/এএফপি