বিএনপি জোট নেতা কর্মীর বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়েছে
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৪, ২১:৩৪
দ্রুত বিচার আইনে রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত একটি মামলায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে। মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার প্রধান আইনজীবী সানাউল্লাহ মিয়া দেশের বাইরে থাকায় শুনানির জন্য সময়ের আবেদন করা হয়।
আসামিদের অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন জানান, শুনানি শেষে ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভুঁইয়া আসামিদের সময় মঞ্জুর করে অভিযোগ গঠনের জন্য আগামী ২৮ আগস্ট ফের দিন ধার্য করেন।
গত বছরের ২৪ মার্চ মামলায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ১৪৮ নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আসামিরা সবাই জামিনে আছেন।
অভিযোগপত্রে বলা হয়, গত বছর ১১ মার্চ বেলা ৩ টার দিকে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি চলাকালে উল্লেখিত আসামিরাসহ আরও ৫০/৬০ জন হঠাত্ করেই ইটপাটকেল, লোহার রড, শাবল, লাঠি, হকিস্টিক হাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার উপর, টপ কালেকশনের গলি ও নয়াপল্টন মসজিদ গলির সামনের রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সরকারি-বেসরকারি অফিস ও যানবাহন ভাংচুর করে। পরপর ১৮/২০ টি ককটেল বিস্ফোরণ ঘটায় ও রাস্তার উপর ৭ টি স্থানে টায়ার, চট, কাগজ দিয়ে আগুন ধরিয়ে ত্রাস সৃষ্টি করে। পুলিশ এতে বাধা দিলে তারা পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে, কর্তব্যরত পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে ঢুকে পড়ে। সেখান থেকেও তারা পুলিশের উপর আরও দুটি ককটেল নিক্ষেপ করে।