‘চার বোলার নিয়ে টেস্ট জয় অসম্ভব’

ওল্ড ট্রাফোড টেস্টের আগে ভারতীয় দলের দৃষ্টিভঙ্গী নিয়ে প্রশ্ন তুলে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্র স্ট্রস বলেছেন, সফরকারী দলটির কেবল আরো বেশি আগ্রাসী হওয়া দরকার, শুধু তাই নয়— একই সঙ্গে সেরা একাদশে চার বোলার নিয়ে কোনো টেস্ট জয়টাও অত্যন্ত কঠিন হবে তাদের জন্য। নিজের অভিমত ব্যক্ত করে স্ট্রস বলেন, ‘আমি মনে করছি তারা কেবলমাত্র চার বোলার নিয়ে খেললে ভারতকে বড় সমস্যা মোকাবেলা করতে হবে। এটা একটা ভুল। কেবল চার বোলার নিয়ে তারা কোন টেস্ট জিততে পারবে বলে আমি মনে করি না।’ ‘আমি বুঝতে পারছি কন্ডিশন ও পিচের ওপর নির্ভর করে তারা দল নির্বাচন করতে চায়। কিন্তু এই বিষয়গুলো বিবেচনা করে রোজ বোলে পুরোপুরি ভুল করেছে। ম্যাচের শেষ দিকে বল টার্ন করার বিষয়ে সাউদাম্পটনের বিশেষ খ্যাতি আছে। তাই রবিচন্দ্রন অশ্বিনকে তারা না খেলানোয় আমি খুবই বিস্মিত হয়েছি’—বলেন স্ট্রস। কিন্তু লর্ডস টেস্ট জয়ের পর ধোনি বাহিনী রোজ বোলে তৃতীয় টেস্টে একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এ ম্যাচে জয়ী হয়ে পাঁচ টেস্টের সিরিজে সমতা আনে স্বাগতিকরা এবং ভারতীয় দলের নির্ধারকদের সিদ্ধান্তে বিস্মিত হন স্ট্রস। তিনি বলেন, ‘তারা একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোয় এবং স্টুয়ার্ট বিনিকে বাদ দেয়ায় আমি আরো বেশি বিস্মত হয়েছিলাম। এ থেকে বোঝা যাচ্ছে, তারা নেতিবাচক ছিল এবং তাদের মন-মানসিকতা ছিল রক্ষণাত্মক। তারা ম্যাচটিতে হারতে চাইছিলো না। কিন্তু আপনি যখন এমন মানসিকতা নিয়ে খেলবেন তখন অধিকাংশ সময়ই আপনাকে হারতে হবে।’ দ্বিতীয় টেস্টে ৯৫ রানে জয়লাভের পর সাউদাম্পটনে ২৬৬ রানে পরাজিত হয় ভারত। ইংল্যান্ডের সক্ষমতার প্রশংসা করে স্ট্রস বলেন, ‘লর্ডস টেস্টে পরাজয়ের পর এমনভাবে ঘুরে দাঁড়ানোটা ছিল অসাধারণ। এ ম্যাচে ঘুরে দাঁড়ানোটা ইংল্যান্ডের প্রাপ্য ছিল।’ তিনি আরো বলেন, ‘ইংল্যান্ডের নতুন দলটি টেস্টে উন্নতি করছে। জুনিয়র খেলোয়াড়দের এভাবে সিনিয়রদের পথ দেখানোটা গুরুত্বপূর্ণ। তৃতীয় টেস্টের আগ পর্যন্ত এটা সঠিকভাবে হচ্ছিল না এবং সেটা আদর্শ পন্থাও ছিল না। গত কিছুদিন ইংল্যান্ড দলের টেস্ট না জেতার এটাই কারণ ছিল এবং লর্ডস ম্যাচ পর্যন্ত এটা অব্যাহত ছিল। সিনিয়র খেলোয়াড়রা তৃতীয় ম্যাচে তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করেছে। আমি নিশ্চিত করতে পারি যে, এখন ড্রেসিং রুমে অনেক বেশি আত্মবিশ্বাস থাকবে।’