কালিয়াকৈরে গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার হেসং বিডি লিমিটেড সোয়েটার কারখানার শ্রমিকদের অসন্তোষের কারণে মঙ্গলবার সকালে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকরা গেটের বাইরে এসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ৭ দফা দাবিকে ৯ দফায় পরিবর্ধন করে বুধবার সকাল থেকে আমরণ অনশনের ঘোষণা প্রদান করে কর্তৃপক্ষকে। পিএম হারুন অর রশিদ ও মাহি আলম নামে দুই কর্মকর্তাকে অপসারণের দাবিও জানায় শ্রমিকরা। এসময় শ্রমিকরা প্রায় একঘন্টা গেটের বাইরে অবস্থান করে বাড়ি চলে যায়। ওভারটাইমের মুজুরিসহ সাত দফা দাবিতে আন্দোলনের ৩য় দিনে মঙ্গলবার সকালেও বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে। তাদের দাবি মেনে না নিলে আজ বুধবার সকাল থেকে অনশন করবে বলে হুমকি প্রদান করেছে। ৭ দফা দাবিতে বলা হয়েছে, যখন-তখন ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই করা যাবে না এবং কারখানার পিএম হারুন-অর-রশিদ ও মাহি আলমকে অপসারণ করতে হবে। লিফলেটে বলা হয়েছে, ওভারটাইম ও প্রোডাকশন বোনাস প্রদান, কার্ড হাজিরা ৬০০ টাকা, বাত্সরিক ছুটির টাকা, ২০১৩ সালের শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মুজুরি ৬৮২০ টাকা, শ্রম আইন অনুযায়ী বাত্সরিক ছুটি, প্রোডাকশনের আগে পিস রেট, বহিরাগত লোক দ্বারা কারখানার শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে। শ্রমিকরা জানায়, কারখানার ভিতর শ্রমিকদের অবস্থান করতে না দিয়ে অনির্দিষ্ট দিনের জন্য ছুটি ঘোষণা করেছে। আজ বুধবারের মধ্যে দাবি না মানলে শ্রমিকরা কারখানার ভিতরে অনশন করবে। কারখানার অফিসার দুলালকে বার বার ফোন করার পরও তিনি রিসিভ করেননি। শিল্প পুলিশ গাজীপুর-২-এর ওসি মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারখানা কর্তৃপক্ষ ছুটি প্রদান করেছে। আজকেই সবাইকে নিয়ে বসে একটা সমাধান হওয়ার সম্ভাবনা আছে।