অর্থনৈতিকভাবে এ দেশ শক্তিশালী হবে :মজীনা
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৪, ২২:৩১
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশ অচিরেই অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশে পরিণত হবে। গতকাল মঙ্গলবার শরীয়তপুরে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে তিনি একথা বলেন।
বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলায় পাঁচ দিনের সফরের অংশ হিসাবে মার্কিন রাষ্ট্রদূত ভেদরগঞ্জ উপজেলার এ বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজিত সমাবেশে তিনি আরো বলেন, বাংলাদেশ তথ্য প্রযুক্তি, শিক্ষা ও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ গার্মেন্ট শিল্প, ওষুধ শিল্প ও জনশক্তি রফতানিতে সাফল্য অর্জন করেছে। পোশাক শিল্পে বাংলাদেশ অচিরেই চীনকে অতিক্রম করবে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সৈয়দ রাশিদুল হাসান-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ইউএসএইড মিশনের ডিরেক্টর জেনাইনা জারুলস্কি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ন্যাশনাল ব্যাংক লিঃ-এর পরিচালক বিশ্ববিদ্যালয় কো-চেয়ারম্যান পারভীন হক সিকদার প্রমুখ। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী গ্রেস মজীনাও উপস্থিত ছিলেন।
এর আগে তিনি শরীয়তপুর সার্কিট হাউসে জেলা প্রশাসক রাম চন্দ্র দাস ও পুলিশ সুপার মো. সাইফুল্লাহ আল মামুন-এর সাথে মতবিনিময় ও উপস্থিত সুধীজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মাদারীপুরে মার্কিন রাষ্ট্রদূত
মাদারীপুর প্রতিনিধি জানান, মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল মঙ্গলবার মাদারীপুর সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের নাগরিক, স্থানীয় সাংবাদিক ও স্থানীয় নারী উদ্যোক্তাদের সাথে পৃথক আলোচনা সভা করেন। আলোচনা সভায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, যে দিন প্রতিটি পরিবার খাদ্য, পুষ্টি, বাসস্থান, স্বাস্থ্যসহ সব কিছুর নিশ্চয়তা দিতে পারবে, সে দিন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আমি মনে করি- বাংলাদেশের মানুষ এটাকে বাস্তবায়ন করবে।
এসময় মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী গ্রেস মজীনা, প্রধান প্রেস ও তথ্য কর্মকর্তা মেরিনা ইয়াসমিনসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।