কাপড়ের ব্যাগে ভেসে রক্ষা পেল শিশু রোজিনা

এমভি পিনাক-৬ লঞ্চটি ডুবে যাওয়ার প্রায় চার ঘণ্টা পর আট বছর বয়সী এক শিশুযাত্রীকে উদ্ধার করা হয়েছে। সাথে থাকা কাপড়ের ব্যাগ আঁকড়ে ধরে ভেসে ছিল রোজিনা। জানা যায়, মাদারীপুরের শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকার রিনা বেগমের আট বছর বয়সী মেয়ে রোজিনা আক্তার ঢাকার জনৈক ইকবাল মুন্সীর বাসায় কাজ করার উদ্দেশে রওনা হয়। ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরার সময় ইকবাল মুন্সী রোজিনাকে নিয়ে লঞ্চে ওঠেন সকাল ৯টায়। বেলা ১১টার দিকে লঞ্চটি ডুবে গেলে ইকবাল মুন্সী ও তার আড়াই বছর বয়সী কন্যা শিশু ইরাও নদীতে ভেসে যায়। এসময় ইরা তার বাবার গলা ধরে ভেসে ছিল। প্রায় পনেরো মিনিট পানিতে ভেসে থাকার পর একটি স্পিডবোট গিয়ে ইকবাল মুন্সী ও তার কন্যাকে উদ্ধার করে। কিন্তু কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না রোজিনার। চার ঘণ্টা পর বিকাল ৩টার দিকে পদ্মা নদীর অনেক ভাটিতে গিয়ে একটি শিশুকে ভাসতে দেখে উদ্ধারকারী দল। পরে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে মাওয়া ঘাটে নিয়ে আসে তারা। শিশুটি তার সঙ্গের কাপড়ের ব্যাগ ধরে ভাসতে ছিল। কাওড়াকান্দি ঘাটে এসে উদ্ধারকারীরা মাইকের মাধ্যমে ঘোষণা করলে ইকবাল মুন্সী শিশুটিকে সনাক্ত করেন। উদ্ধারকৃত ইকবাল মুন্সীর বরাত দিয়ে তার প্রতিবেশী মো. সাইদুজ্জামান নাসিম জানান শিশু রোজিনা মানসিক ভাবে কিছুটা অসুস্থ রয়েছে। তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।