জাতীয় সংসদের স্টিকার লাগানো গাড়িতে ফেন্সিডিল বহন
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৪, ২২:৩৩
সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় সংসদের স্টিকার লাগানো প্রাইভেটকারে করে ফেনসিডিল বহন করার অভিযোগে উপজেলা যুবলীগ সভাপতি ও শ্রমিক ইউনিয়ন সভাপতিকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে সাতক্ষীরা-যশোর সড়কের হেলাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ আমজাদ হোসেন ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি মজনুর রহমান। কলারোয়া থানার ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন জানান, আমজাদ হোসেন ও মজনুর রহমান জাতীয় সংসদের স্টিকার সম্বলিত সিলভার রঙের একটি প্রাইভেটকারে (নং-ঢাকা-মেট্রো-৩১-৭৯০৪) ১৪০ বোতল ফেনসিডিল নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশ তাদের আটক করে। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে।