সিলেটের সেই দুই ওসির আবেদন আপিল বিভাগে খারিজ
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৪, ২২:৩৩
পুলিশী হেফাজতে নির্যাতনের ঘটনায় হাইকোর্টের দেয়া আদেশের স্থগিতাদেশ চেয়ে ওসি (অপারেশন) আতাউর রহমান ও শ্যামল বণিকের (ওসি, তদন্ত) পক্ষে করা আপিল আবেদন মঙ্গলবার খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।
সিলেট কোতোয়ালি থানার ওসি আতাউর রহমানসহ অন্য অভিযুক্তদের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে মঙ্গলবার আপিল আবেদন করেন ওসি (তদন্ত) শ্যামল বনিক। দুই পক্ষের শুনানি শেষে আদালতের বিচারপতি সৈয়দ মো. মাহমুদ হোসেন আপিল আবেদন খারিজ করে দেন। নির্যাতিত ছাতক পৌরসভার মেয়র কালাম আহমদ চৌধুরীর ভাই কামাল আহমদ চৌধুরীর পক্ষে হাইকোর্টে রিট আবেদনকারী তার ভাই শামীম আহমদ চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুন মতিন খসরু ও ফয়জুর রহমান। গত ১৭ জুলাই সিলেট কোতোয়ালি থানা হেফাজতে কামাল আহমদ চৌধুরীকে নির্যাতনের ঘটনায় ২৪ জুলাই তার ভাই শামীম আহমদ চৌধুরী হাইকোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও হাবিবুল গণির সমন্বয়ে গঠিত বেঞ্চ কাতোয়ালি থানার ওসি আতাউর রহমান, ওসি (তদন্ত) শ্যামল বনিক, এসআই রহিম, কনস্টেবল অধীর চন্দ্র ও এএসআই তাহেরের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ডে পুলিশের আইজিপি ও সিলেট মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেন। হাইকোর্টের এই আদেশের স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবার অভিযুক্তদের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মো. মাহমুদ হোসেন তাদের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।