জাপান ও ব্রিটেনের শোক
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৪, ২২:৪৫
পদ্মায় লঞ্চডুবিতে প্রাণহানীর ঘটনায় পৃথকভাবে শোক প্রকাশ করেছে ব্রিটেন ও জাপান। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিক লো লঞ্চ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, পদ্মায় হূদয় বিদারক ঘটনায় অনেক লোকের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। এই দুঃখের সময়ে দুর্ঘটনায় আক্রান্তের স্বজনদের সাথে আমাদের দোয়া রয়েছে।
অপর এক বিবৃতিতে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বলেন, মাওয়া ফেরি ঘাটের কাছে লঞ্চডুবিতে প্রাণহানীর ঘটনায় আমি মর্মাহত। জাপান সরকার ও জনগণের পক্ষ থেকে এই ঘটনার জন্য আমি গভীর শোক প্রকাশ করছি। চলমান উদ্ধার প্রক্রিয়ায় নিখোঁজ বেশিরভাগ লোককে উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট থেকে মুন্সীগঞ্জের মাওয়া আসার পথে সোমবার বেলা ১১টার দিকে পিনাক-৬ নামের লঞ্চটি ডুবে যায়। এতে একশোর বেশি মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।