যাত্রীবাহী বিমান পাহারা দিয়ে নামালো ব্রিটিশ সামরিক বিমান

কাতার থেকে আসা একটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা থাকার খবরে সামরিক পাহারায় এর অবতরণ করিয়েছে ব্রিটেনের ম্যানেচেস্টার বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার এই ঘটনায় ২৫ মিনিট ধরে বিমানবন্দরের বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়। অবতরণের কিছুক্ষণ আগে বিমানের এক যাত্রীর কাছে বিস্ফোরক রয়েছে বলে পাইলট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে খবর পাঠানোর পর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। খবর বিবিসির। ম্যানচেস্টারের পুলিশ জানায়, তারা বিষয়টিকে ‘পূর্ণ জরুরি’ পদক্ষেপ হিসেবে নিয়েছে। সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ওই ফ্লাইটটিতে উঠে অভিযোগটি খতিয়ে দেখছেন। রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) সদস্যরা তাদের বিমান নিয়ে যাত্রীবাহী বিমানটি অনুসরণ করতে থাকে। কড়া নিরাপত্তায় এর অবতরণ ঘটানো হয়। কাতার থেকে যাত্রা করা এয়ারবাস এ-৩৩০ ফ্লাইটে ২৬৯ জন যাত্রী ছিলেন। এছাড়া ১৩ জন কাতারি ক্রু বিমানটি পরিচালনা করছিলেন। বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, যাত্রীরা নিরাপদেই বিমান থেকে নেমে আসতে পেরেছেন। বিমানের এক যাত্রীকে আটক করা হয়েছে।