বামবার আয়োজনে সন্তুষ্ট শাফিন
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৪, ২০:১৬
দেশের জনপ্রিয় ব্যান্ড তরকা শাফিন আহমেদ। ঈদকে ঘিরে গেল তার প্রচুর ব্যস্ত সময়। তবে অন্যতম ব্যস্ততা ছিল বামবার কনসার্ট নিয়ে। এবার ঈদ আয়োজনগুলোর মধ্যে বিশেষ আলোচনায় ছিল বামবার তিন দিনব্যাপী এই ঈদ কনসার্ট। চ্যানেলগুলো যখন বিদেশি শিল্পীদের নিয়ে মেতেছিল, তখন বামবার সাথে রবি টেলিকম ও যমুনা টেলিভিশন মিলে সবকিছুর মোড় ঘুরিয়ে দিল। দর্শক চাহিদার কোনো কমতি নেই আমাদের দেশের ব্যান্ডদলগুলোর। চ্যানেলগুলোকে অনেকটা চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিল বামবা। শাফিন আহমেদ বলেন, ‘এবার গুরুত্বপূর্ণ ও লক্ষণীয় বিষয় ছিল ঈদে কোনো চ্যানেলে ব্যান্ডের আয়োজন ছিল না। যেটা একমাত্র যমুনা টেলিভিশন করেছেন। তিন দিনব্যাপী এই ঈদ কনসার্টে প্রচুর দর্শক ছিল। এই প্রথম একটানা তিন দিন কোনো ব্যান্ড কনসার্ট বাংলাদেশে অনুষ্ঠিত হলো। আমরা প্রমাণ করে দিয়েছি ব্যান্ডের জনপ্রিয়তা। ধন্যবাদ জানাই বামবার সদস্যদের। রবি ও যমুনা টেলিভিশনকেও ধন্যবাদ।’
ঈদের ব্যস্ততার শেষ করে শাফিন আহমেদের এখন পুরোদমে ব্যস্ত মাইলসের পরবর্তী অ্যালবাম ‘প্রতিচ্ছবি’ নিয়ে। ইতোমধ্যে প্রায় বেশিরভাগ গান রেকর্ড করা হয়ে গেছে। রোজার মাসেই কাজের বেশ অগ্রগতি করে রেখেছেন তিনি। বাকি কাজগুলো গুছিয়ে এনেই রিলিজ দেবেন। অ্যালবাম প্রসঙ্গে শাফিন বলেন, ‘এখন অডিও বাজারের যে পরিস্থিতি তাতে অ্যালবাম রিলিজ দেওয়া সংশয়ের ব্যাপার। ডিজিটাল পদ্ধতি ও সিডি আকারেও অ্যালবামটি ছাড়ব। ডিজিটালভাবে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেই ছাড়ব। কারণ ফ্রি ডাউনলোড আমাদের বাজার ধ্বংসের মূল কারণ। তাই নিরাপত্তা নিশ্চিত করাটা একান্ত প্রয়োজন।’
ব্যান্ডের অ্যালবামের কাজ শেষ হয়ে গেলে নিজের একক অ্যালবামের কাজ শুরু করবেন শাফিন। এছাড়াও একটি ডুয়েট গানের অ্যালবামের পরিকল্পনাও করেছেন তিনি। তার পুরোনো কিছু জনপ্রিয় গানের রিমেক করে একটি একক অ্যালবামের রিলিজের কথাও জানান শাফিন। এই মুহূর্তে এই পরিকল্পনা নিয়েই ধাপে ধাপে এগোতে চান তিনি।