মারদানি নিয়ে রানি
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৪, ২০:১৯
বলিউড অভিনেত্রী রানি মুখার্জি বিয়ের পর আবারও শুরু করতে যাচ্ছেন তার রুপালি পর্দার যাত্রা। আগামী ২২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘মারদানি’। যশরাজ ফিল্মসের ব্যানার থেকে প্রদীপ সরকারের পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন রানির জীবনসঙ্গী আদিত্য চোপড়া।
ছবিটিতে রানিকে একজন মারমুখি পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। আর ছবিটি করতে গিয়ে অ্যাকশনের ব্যাপারে বেশ ধকলও পোহাতে হয় তাকে। যার প্রতিক্রিয়ায় তিনি মনে করেন প্রতিটি নারীরই আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট শেখা উচিত। যা তাদের সম্মান রক্ষার্থে সাহায্য করবে।
রানি তার ‘মারদানি’ ছবির প্রমোশনে গিয়ে বলেন, ‘দেশের প্রতিটি ক্ষেত্রে নারীদের এগিয়ে আসা প্রয়োজন। সাধারণ শিক্ষার পাশাপাশি মার্শাল আর্ট শেখার ব্যাপারেও গুরুত্ব দেওয়া উচিত।’
৩৬ বছরের এই অভিনেত্রী আরও মনে করেন, দেশের প্রত্যেক নারীর মধ্যে ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের প্রতিফলন থাকা উচিত যেন তারা প্রতিটি সমস্যা শক্তভাবে মোকাবেলা করতে পারে।
ছবিটিতে রানির বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের যিশু সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করেছেন তাহির ভাসিন, অখিলেস ভার্মা।