জ্বালানি খাতে ভর করে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩২ ভাগ
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৪, ২০:৩৮
গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জ্বালানি খাতের উপর ভর করে লেনদেন বেড়েছে। মোট লেনদেন হয়েছে সাড়ে ছয়শ’ কোটি টাকারও বেশি। যা গত ৬৬ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ। লেনদেনে সবচেয়ে বেশি অবদান ছিল এমজেএল বাংলাদেশের। মোট লেনদেনের প্রায় ১২ ভাগই হয়েছে এ কোম্পানি ঘিরে। খাত হিসেবে সবচে বেশি অবদানও ছিল জ্বালানি খাতের। এ খাতে লেনদেন হয়েছে ১৩৬ কোটি টাকা। যা ডিএসই’র লেনদেনের প্রায় ২১ ভাগ। গতকাল বাজারে দর বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে ছিল বীমা খাত। দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই এ খাতের। জীবন বীমা কোম্পানিগুলোর দাম বেড়েছে প্রায় সাড়ে ৪ শতাংশ। আর সাধারণ বীমা কোম্পানিগুলোর দর বেড়েছে প্রায় ৩ ভাগ।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৬৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৫১ কোটি ৮০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৫৯ কোটি ৯৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৮ কোটি ২১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, জুন মাসের তুলনায় জুলাই মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব কমেছে প্রায় ২ কোটি টাকা। একইসঙ্গে ডিএসইর আয় কমেছে সাড়ে ৩ কোটি টাকারও বেশি। জুলাই মাসে ডিএসই রাজস্ব জমা দিয়েছে ২ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৪৭ টাকা। জুন মাসে দিয়েছিল ৪ কোটি ৩৫ লাখ ১ হাজার ৩৪১ টাকা। অর্থাত্ জুলাই মাসে সরকারের রাজস্ব কমেছে ১ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৪৯৪ টাকা। জুলাই মাসে সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ডিএসই কমিশন পেয়েছে ৪ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৯৬৩ টাকা। আর জুন মাসে পেয়েছে ৭ কোটি ৭৩ লাখ ৪৯ হাজার ৭০৫ টাকা। অর্থাত্ জুলাই মাসে ডিএসইর আয় কমেছে ৩ কোটি ৬১ লাখ ৯৩ হাজার ৭৪২ টাকা।