ইউক্রেনের পূর্বাঞ্চলে মানবিক বিপর্যয়ের আশংকা

রুশপন্থি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে লাগাতার সংঘর্ষের ফলে ইউক্রেনের পূর্বাঞ্চলে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। না আছে চাল, না আছে চুলো। নিরাপদে তাদের প্রস্থানের পথ সুগম করার ডাক দিচ্ছে কিয়েভ সরকার। -খবর ডয়চেভেলে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে সে দেশের সরকার। দিনের পর দিন ধরে বিদ্যুত্ ও জল সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ছে। নিরীহ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে। সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ফলে গত সপ্তাহান্তেই ১০ জনের বেশি নিহত হয়েছে। লুগানস্ক শহরের মেয়র মানবিক বিপর্যয়ের আশঙ্কা ব্যক্ত করেছেন। এই অবস্থায় সাধারণ মানুষ যাতে দোনেত্স্ক, লুগানস্কসহ অন্যান্য শহর ছেড়ে চলে যেতে পারে, কিয়েভ সরকার বিদ্রোহীদের উদ্দেশ্যে সেই আবেদন জানিয়েছে। সরকারের প্রস্তাব, দিনে কয়েক ঘণ্টার জন্য ‘মানবিক করিডোর’ সৃষ্টি করে সেখান দিয়ে অবাধে নিরীহ মানুষ বেরিয়ে আসতে পারবে। প্রয়োজনে তাদের চিহ্নিত করা হবে সাদা পতাকা অথবা অন্য কোনো উপায়ে। এদিকে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত যে এলাকায় গত ১৭ জুলাই মালয়েশীয় বিমান এমএইচ-১৭ বিধ্বস্ত হয়েছিল, সেখানে তদন্তের কাজে আসছেন মালয়েশিয়ার বিশেষজ্ঞরা। নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার তদন্তকারী দল আগেই সেখানে কাজ শুরু করে দিয়েছে।