খুনিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ

পল্লবীর বিহারি ক্যাম্পের ১০ জন খুনের ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ বিহারি পুনর্বাসন সংসদ (বিবিয়ারএ)। খুনিদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে তারা প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করবে বলেও জানিয়েছে সংগঠনটি। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তারা এসব দাবি জানান। খুনিদের গ্রেফতার না করায় পুলিশের সমালোচনা করে বক্তারা বলেন, পুলিশ নিজের অন্যায়কে আড়াল করতেই অপরাধীদের গ্রেফতার করছে না। তারা বলেন, অগ্রাধিকার ভিত্তিতে বিহারিদের সামাজিক নিরাপত্তা প্রদান, শিক্ষা, স্থায়ী বাসস্থান নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার তা করছে না। এসময় বক্তারা বিহারি ক্যাম্প থেকে রিলিফ কমিটি ও কমিউনিটি পুলিশ তুলে নেয়াসহ ৭ দফা দাবি জানান। সমাবেশ শেষে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে শেষ হয় মিছিল। সংগঠনের সভাপতি কাওসার পারভেজ ভুলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক হানিফ খান, সহ-সভাপতি মো. ইকবাল প্রমুখ।