রাজউকের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. শওকত হোসেনের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা তিন মামলার তদন্তের জন্য রাজউকের সহকারী পরিচালক মিজানুরসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকালে এ তিনজকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক যতন কুমার রায়। এর আগে মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব আবু মুসাসহ ১২ জনকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তলব করে দুদক। এরই ধারাবাহিকতায় গতকাল তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক সূত্র জানায়, শওকত হোসেন ২০০১ সালের দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব থাকাকালীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রভাবিত করে নিজ, মা ও স্ত্রীর নামে অবৈধভাবে প্লট বরাদ্দ করিয়ে নেন। বিধিবিধান না থাকা সত্ত্বেও তিনি রাজউক থেকে প্রাপ্ত প্লটের আয়তন বৃদ্ধি করেন। এ কারণে গত ২২ এপ্রিল স্ত্রী, মা ও নিজের নামে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সচিব ড. খোন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে মতিঝিল থানায় তিনটি মামলা করে দুদক।