মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের জন্য কিছু বিরোধী ডেমোক্র্যাট বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছেন। অভিশংসন প্রক্রিয়া শুরু করতে চাপ সৃষ্টি করছেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ওপর। কিন্তু পেলোসি অভিশংসনের পক্ষে নন। তবে তিনি তার সিদ্ধান্তে অটল থাকতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ বুধবার স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের জনসম্মুখে দেওয়া বক্তব্যে ট্রাম্পকে অভিশংসনের চাপ আরো বেড়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি এমন কোনো অপরাধ করেননি যার ফলে তাকে অভিশংসন করা যায়।
অভিযোগ ছিল, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত চলাকালে প্রেসিডেন্ট ট্রাম্প বাধা দিয়েছিলেন। কিন্তু মুলারের চূড়ান্ত রিপোর্টে বিষয়টি স্পষ্ট করা হয়নি। বুধবার তিনি বলেছেন, হস্তক্ষেপের অপরাধ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে পুরোপুরি মুক্তি দেওয়া হয়নি। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিযুক্ত করার ক্ষেত্রে বিচার বিভাগের নীতিই তাকে বাধা দিয়েছে। মুলার বলেছেন, তারা অন্তত ১০টি বিষয় পর্যবেক্ষণ করেছেন যাতে দেখা গেছে প্রেসিডেন্ট হয়তো তদন্ত কাজে বাধা দিয়েছেন। কিন্তু একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে অভিযুক্ত করা স্পেশাল কাউন্সেলের কাজ নয়। অপরাধের জন্য প্রেসিডেন্টকে অপসারণ করার প্রক্রিয়া সংবিধানে উল্লেখ থাকা উচিত বলেও মন্তব্য করেন মুলার। তিনি জানান, যদি প্রেসিডেন্ট ট্রাম্প নির্দোষ হতেন তাহলে কমিটি সেটা রিপোর্টে স্পষ্ট করেই উল্লেখ করতো। বিশ্লেষকদের মতে, মুলারের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিযুক্ত করতে পারতেন। কিন্তু বিচার বিভাগের বাধায় সেটা করেননি।