রাঙ্গামাটি পৌরসভার হলরুম পরিত্যক্ত ঘোষণা
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৪, ২১:১১
মেয়াদোত্তীর্ণ রাঙ্গামাটি পৌরসভা হলরুমের একাংশ অবশেষে ভেঙ্গে পড়েছে। পৌরসভার হলরুমটির ভেতরে থাকা অবশিষ্টাংশটিও আস্তে আস্তে ভেঙ্গে পড়ছে। এ অবস্থায় রাঙ্গামাটি পৌরসভার টাউন হলটি বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি পৌরসভা কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা গেছে, হলরুমের প্রধান দরজায় প্রবেশ মুখের ছাদের আংশিক অংশ গত ২ আগষ্ট হঠাত্ করে ভেঙ্গে পড়ে। এতে হলরুমে প্রবেশ মুখ বন্ধ হয়ে যায়। হলরুমের সামনের অংশের আংশিক ভেঙ্গে পড়ায় তা ঝুঁকির মধ্যে রয়েছে বলে হলরুমটি পরিত্যক্ত ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ। তবে অন্যান্য দরজায় দিয়ে হলরুমে প্রবেশ করা গেলেও দুর্ঘটনা এড়াতে পৌর কর্তৃপক্ষ হলটি পরিত্যক্ত ঘোষণা করেছে।
এব্যাপারে রাঙ্গামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী জানান, গত ২ আগষ্ট হঠাত্ করে হলের প্রধান প্রবেশমুখের ছাদের আংশিক অংশ বিকট শব্দে ভেঙ্গে পড়ে। এতে হলরুমে ঢোকার প্রবেশমুখটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। তাই পুরো হলরুমটি এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। তাই পৌরসভার টাউনহলটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মেয়র জানান, পৌরসভা হলটি এ মাসে পুরোপুরি ভেঙ্গে ফেলে নতুন করে গড়ে তোলা হবে। আর ইতিমধ্যে এলজিইডিতে পৌরসভা নতুন হলরুম নির্মাণ সংক্রান্ত একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। স্বল্প সময়ের মধ্যে এ সংক্রান্ত একটি নিদের্শনা পাওয়া যাবে বলে তিনি জানান।