সখীপুরে পরিত্যক্ত উপ-কারাগারটি শিশু কিশোরদের সেফহোম হচ্ছে
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৪, ২১:১৩
সখীপুর উপজেলার পরিত্যক্ত উপ-কারাগারটি নির্মাণের তিন দশক পর শিশু-কিশোরদের জন্য নিরাপদ আবাসন উন্নয়ন কেন্দ্র (সেফহোম) বানানোর পরিকল্পনা করেছে সরকার। সম্প্রতি সমাজ কল্যাণ সখীপুরের পরিত্যক্ত ওই কারাগারটি পরিদর্শন করে স্থানীয় সমাজ সেবা কর্মকর্তাকে দ্রুত সংস্কার প্রাক্কলন প্রস্তুতি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে টাঙ্গাইল গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা সংস্কার প্রাক্কলনের কাজ শুরু করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা গেছে, এরশাদ সরকারের আমলে ১৯৮৪-৮৫ অর্থ বছরে সখীপুরের প্রাণকেন্দ্র উপজেলা রোডে ২ দশমিক ২৩ একর জমির ওপর কোটি টাকা ব্যয়ে ২৫ কয়েদি বিশিষ্ট উপকারাগার ভবনটি নির্মাণ করেন। তিন দশক পরিত্যক্ত থাকায় উপ-কারাগারের অভ্যন্তরে বন-জঙ্গলে ছেয়ে গেছে, ভেঙ্গে পড়েছে দরজা-জানালা। মূল্যবান সরঞ্জামাদি খোয়া গেছে অনেক আগেই। জমিও বেদখল হয়ে গেছে। কারাগারের ভবন ও দেয়ালের পলেস্তরা খসে পড়েছে। রাত হলেই পরিত্যক্ত কারাগারটি চলে যায় মাদকসেবীদের দখলে।
সখীপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফরহাদ হোসেন ভুঁইয়া বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপ-কারাগারটির সংস্কার প্রাক্কলন প্রথম দফা পাঠানো হয়েছে এবং দ্বিতীয় দফারও পাঠানোর প্রস্তুতি চলছে। আইনের চোখে যে সকল শিশু-কিশোর অপরাধী তারাই ওই নিরাপদ আবাসনে ঠাঁই পাবে।