আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের পাঁচ হাজার টন চাল যাচ্ছে আজ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৪, ২২:২০
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় খাদ্যশস্য পরিবহন শুরু হচ্ছে আজ। ইতিমধ্যে কলকাতা থেকে খাদ্যশস্য বোঝাই পাঁচটি বাংলাদেশি কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছেছে। জাহাজগুলোতে পাঁচ হাজার টন চাল রয়েছে বলে জানা গেছে। মোট ১০ হাজার টন খাদ্যশস্য ভারতের ত্রিপুরায় যাওয়ার কথা রয়েছে। প্রথম দফায় যাচ্ছে এই পাঁচ হাজার টন চাল। বাকি চাল খুব শিগগরি আসবে বলে জানা গেছে।
সড়ক পথে ত্রিপুরায় পণ্য পরিবহনের উদ্দেশে গতকাল সারাদিন জাহাজ থেকে পণ্য ট্রাকে উঠানো হয়। বাংলাদেশি ট্রাকে করেই এসব পণ্য পরিবহন করা হচ্ছে।
জানা গেছে, আখাউড়া স্থলবন্দরে গাড়ি পৌঁছলে সেই গাড়িতে একজন বা দুইজন করে বিএসএফ জওয়ান উঠবে। যে রাস্তা দিয়ে ট্রাকগুলো যাবে সেই রাস্তায় বিশেষ নিরাপত্তা থাকবে। ত্রিপুরা রাজ্যের ট্রাফিক পুলিশ গাড়িগুলোকে এসকর্ট করে নিয়ে যাবে।
আশুগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৯৭২ সালের নৌ-প্রটোকল চুক্তির আওতায় বিনা শুল্কে এই ১০ হাজার টন খাদ্যপণ্য ত্রিপুরা যাবে। দরপত্রের মাধ্যমে বাংলাদেশের পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সি ওয়েজকে কার্যাদেশ দেয়া হয়। এর আগে এই প্রতিষ্ঠানটি ত্রিপুরার পালাটানার বিদ্যুত্ কেন্দ্রের মালামাল পরিবহন করেছিল। কাস্টমসের কুমিল্লা অঞ্চলের সহকারী কমিশনার আহসানউল্লাহ এর সত্যতা স্বীকার করেছেন।