বাংলাদেশ নেপাল যৌথ উদ্যোগে জলবিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করবে

বাংলাদেশ-নেপাল যৌথ উদ্যোগে নেপালে জলবিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করবে। গতকাল বুধবার দুই দেশের মন্ত্রী পর্যায়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া নয়। পরে রাজধানীর একটি হোটেলে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও নেপালের জ্বালানি মন্ত্রী রাধা কুমারী গয়ালী এ কথা জানান। বৈঠকে নেপাল থেকে বিদ্যুত্ আমদানি, নেপালে যৌথ বিনিয়োগে জল বিদ্যুত্ উত্পাদন প্রকল্প নির্মাণের বিষয়ে আলোচনা হয়। তবে নেপাল থেকে ৫শ’ মেগাওয়াট বিদ্যুত্ আমদানির ব্যাপারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এ প্রসঙ্গে বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এটি প্রক্রিয়াধীন। বৈঠকে এ ব্যাপারে বিস্তর আলোচনা হয়েছে। তারা আমাদের একটি খসড়া তৈরি করে পাঠাতে বলেছেন। আগামী ডিসেম্বরে আবারো দু’দেশের মন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। তখন এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। বিদ্যুত্ প্রতিমন্ত্রী জানান, বিদ্যুত্ আমদানির বিষয়ে ভারতের ভূমি ব্যবহারে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আমার আলোচনা হয়েছে। উল্লেখ্য, নেপালে জিএমআর নামে একটি ভারতীয় কোম্পানি দু’টি বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করছে। ওই কোম্পানির কাছ থেকে বাংলাদেশ বিদ্যুত্ আমদানি করবে। এ বিষয়ে নেপালের কোনো আপত্তি নেই বলে তারা জানিয়েছে। গতকাল সাংবাদিক সম্মেলনে নেপালের জ্বালানি মন্ত্রী রাধা কুমারী গয়ালী বলেন, বৈঠকে দুই দেশের বিদ্যুত্ খাতের উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে। গতকাল নেপালের জ্বালানি মন্ত্রী রাধা কুমারী গয়ালী পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও সাক্ষাত্ করেন।