কর ফাঁকির মামলায় বাবরের বিচার শুরু
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৪, ২২:২১
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়েরকৃত কর ফাঁকির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একইসঙ্গে ২১ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছে আদালত।
গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল ইসলাম আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো বলে জানালেন আইনজীবীরা। প্রসঙ্গত, দশ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় চট্টগ্রামের একটি আদালত বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছে। গতকাল বাবরের আইনজীবী টিএম আকবর অভিযোগের গঠনের আগে শুনানির জন্য আদালতে আবারো সময় চান। কিন্তু বিচারক সময় আবেদন নাকচ করে দেন। এরপর তিনি দোষী না নির্দোষ জানতে চাইলে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান বাবর। সাত কোটি ১৫ লাখ টাকার কর ফাঁকির অভিযোগে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেন। মামলার আরজিতে বলা হয়, বাবর ১৯৯৯-২০০০ থেকে ২০০৮-২০০৯ করবর্ষ পর্যন্ত তার মালিকানাধীন মাস্টার ইলেকট্রনিক্স লিমিটেডের পরিচালক হিসেবে ৮ কোটি ৬ লাখ ৮০ হাজার ১১২ টাকার সম্পদের হিসাব গোপন করে তার ওপর প্রযোজ্য প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার কর ফাঁকি দিয়েছেন। ২০১০ সালের ৯ মার্চ মামলাটি বিচারের জন্য ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে আসে। এর দীর্ঘ পাঁচ বছর পর মামলাটিতে অভিযোগ গঠন করা হলো।