জামিন পেলেন শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান

অর্থ আত্মসাত্ মামলায় জামিন পেয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান। চট্টগ্রামের ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস গতকাল বুধবার এ জামিন মঞ্জুর করেন। ১০ কোটি টাকার মুচলেকায় ৭ জন শীর্ষ আইনজীবীর জিম্মায় বিচারক তার জামিন মঞ্জুর করেন। দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, এই মামলার বাদী শাহজালাল ইসলামী ব্যাংকের জুবিলী রোড শাখার ব্যবস্থাপক রাশেদ সারোয়ার আদালতে এসে অ্যাফিডেভিট দিয়ে বলেছেন আসামি সোলায়মানের সাথে ব্যাংক কর্তৃপক্ষের সমঝোতা হয়েছে। জামিনে ব্যাংকের আপত্তি না থাকায় দুদকের পক্ষ থেকেও বিরোধিতা করা হয়নি। এ জন্য আদালত তার জামিন মঞ্জুর করেছে।