রাজশাহীতে পরিবহন ধর্মঘট স্থগিত

টানা ৭ ঘণ্টা দুর্ভোগের পর রাজশাহীতে ডাকা ?অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। পরিবহন-মালিক, শ্রমিক ঐক্য পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটি গত মঙ্গলবার পূর্ব ঘোষণা ছাড়াই অনেকটা আকস্মিকভাবে এই ধর্মঘটের ঘোষণা দেয়। ঈদের পর পরই এই ধর্মঘট আহবান নিয়ে পরিবহন-মালিক শ্রমিকদের মধ্যেও অবশ্য টানাপড়েন শুরু হয়। শেষ পর্যন্ত রাত ১০টার দিকে নেতৃবৃন্দ ধর্মঘট স্থগিতের ঘোষণা দিলে রাজশাহী থেকে বিভিন্ন রুটের যান চলাচল শুরু হয়। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন চৌধুরী দাবি করেন,গত মঙ্গলবার রাতে শ্রমিকদের ৬-দফা দাবি নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পরিবহন শ্রমিকদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ায় ধর্মঘট স্থগিত করা হয়। গৌরহাঙ্গা এলাকায় বাস শ্রমিক-সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের প্রেক্ষিতে জরুরী বৈঠক শেষে ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন।