না’গঞ্জে ৭ খুনের ঘটনায় র্যাবের ২ সদস্যকে জিজ্ঞাসাবাদ
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৪, ২২:২২
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে হত্যার ঘটনায় র্যাব-১১ এর দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন র্যাব-১১ এর উপ-সহকারী পরিচালক আবদুস সালাম ও আবদুস সামাদ। বুধবার বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তদন্ত কমিটি প্রধান মো. শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে সাত সদসের তদন্ত কমিটি ওই দুইজনকে জিজ্ঞাসাবাদ করেন।
মো. শাহজাহান আলী মোল্লা জানান, ৭ খুনের ঘটনা একটি জটিল মামলা। একেকজনকে জিজ্ঞাসাবাদ কালে নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে। এ কারণে তদন্ত শেষ করতে আরো বেশ সময় প্রয়োজন। তবে আমরা এই ঘটনার তদন্তে অনেক এগিয়েছি। যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।
প্রসঙ্গত, এর আগে গত ২২ জুলাই নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় পৃথক দুটি মামলায় সাক্ষী হিসেবে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। ঘটনার দিন র্যাবের যে টিম সাতজনকে অপহরণ করে সে টিমে আবদুস সামাদ ও আবদুস সালামও ছিল। তারা ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন।