লিবিয়ায় সহিংসতায় ৪ বাংলাদেশি নিহত
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৪, ২২:৩০
লিবিয়ায় পৃথক সহিংসতার ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার ত্রিপোলিতে সহিংসতায় দুই বাংলাদেশি নিহত হয়। এছাড়া আরো এক বাংলাদেশি আহত হয়েছেন। নিহতরা হলেন, নরসিংদীর জাহাঙ্গীর মনির ও যশোরের মিলন। হাসপাতাল পরিদর্শনের পর লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এ ঘটনা নিশ্চিত করেছে।
এর আগে গত ৩০ জুলাই বেনগাজিতেও অনুরূপ এক ঘটনায় দুই বাংলাদেশি নিহত হন। বেনগাজি রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১শ কিলোমিটার দূরত্বে অবস্থিত। দুই শহরের মধ্যে বর্তমানে বিমান যোগাযোগ বন্ধ থাকায় এই দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহী অস্ত্রধারীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। গত সপ্তাহে ফ্রান্স ও ব্রিটেন তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে। ফিলিপাইনসের নাগরিকদের লিবিয়া ছাড়তে বলা হয়েছে। এর আগে গত রবিবার ভয়াবহ সংঘর্ষের মুখে মার্কিন দূতাবাসও খালি করা হয়। ২০১১ সালে লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। সেদেশে তত্পর রয়েছে বহু সশস্ত্র গোষ্ঠী এবং এসব গোষ্ঠী প্রায়ই সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে রয়েছেন। ইতিমধ্যে অনেক বাংলাদেশিকে নিরাপদ এলাকায় সরিয়ে নেয়া হয়েছে। তাদেরকে সতর্ক থাকার পাশাপাশি গোলযোগপূর্ণ এলাকা এড়িয়ে চলতে বলা হচ্ছে।