ঢাকা নগরীতে পরিচ্ছন্নতা জরুরি
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৪, ২০:৫১
রাজধানী ঢাকা নগরীতে এখন প্রায় দুই কোটি জনগণের বসবাস। এই দুই কোটি মানুষের সৃষ্ট কঠিন ও তরল বর্জ্যের সঠিক ও যথাযথ ব্যবস্থাপনা না থাকায় ঢাকা নগরী পৃথিবীর একটি দূষিত নগরীতে পরিণত হয়েছে। এদিকে রাস্তার মোড়ে মোড়ে অলিতে-গলিতে ডাস্টবিন রয়েছে, সেখানে কেউ ময়লা ফেলে না। ময়লাওয়ালা ভ্যানগাড়ি নিয়ে সকাল-বিকেল আসেন ময়লা নিতে। তারপরেও কতিপয় মানুষ ড্রেনে নয়তো রাস্তার উপরে ময়লার স্তূপ ফেলে রাখে। এসব কারণেও ঢাকা নগরী আজ শব্দ দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ ইত্যাদি ক্ষতিকর দূষণের চরম শিকার। ঢাকা ক্রমশ সুস্থ মানুষের পক্ষে বাস করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় ঢাকায় বসবাসকারী সবার উচিত, ঢাকাকে দূষিত নগরী থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করা। উন্নত দেশগুলোয় দেখা যায়, শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য আইনের মাধ্যমে সব নিয়ন্ত্রিত হচ্ছে। বিদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অমান্যকারীর জরিমানার ব্যাপারটি অত্যধিক গুরুত্বের সঙ্গে পালন করছে। আমাদের দেশে কেউ যদি ড্রেনে ও রাস্তার উপর ময়লা ফেলে তাহলে জেল-জরিমানার ব্যবস্থার উদ্যোগ নিতে পারেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এভাবেই ঢাকাকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা সম্ভব হবে।
লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা