বিদ্যালয় না বিল বোর্ডের স্ট্যান্ড
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৪, ২০:৫১
ঢাকার শুক্রাবাদের নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিদ্যালয় ঘিরে এবং এর ছাদে । বিজ্ঞাপনের বিল বোর্ড চোখে পড়ে। অবস্থাদৃষ্টে মনে হয়, বিদ্যালয়টি বিল বোর্ডের স্ট্যান্ড ছাড়া আর কিছুই নয়। পুরো বিদ্যালয়টির উপর-নিচ পণ্য ও সেবার বিজ্ঞাপনে মুড়ে দেওয়া হয়েছে। বাইরে থেকে বিদ্যালয়ের অস্তিত্ব বোঝার উপায় নেই। বিদ্যালয়টির সামনে বেশ খোলামেলা মাঠ রয়েছে । কিন্তু মাঠের প্রাচীর ঘিরে বিজ্ঞাপনের বহর সূর্যের আলো ও বাতাস প্রবাহ থেকে ছাত্রছাত্রীদের বঞ্চিত করছে। এই মাঠে আবদ্ধ পরিবেশে বিদ্যালয়ের ছেলেমেয়েরা খেলা ধূলা করছে, ছুটাছুটি করছে কিন্তু নিজেদের কেমন যেন বন্দি বন্দি মনে করছে। আবার এই বিল বোর্ড ঝড়-তুফানে ভেঙে পড়ে যে কোনো মর্মান্তিক র্দুঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা অমূলক নয়। বিদ্যালয় কর্তৃপক্ষ কী করে তাদের প্রতিষ্ঠানটিকে বিজ্ঞাপনের আবরণে ঢেকে দিতে সম্মত হলেন! বিদ্যালয় জ্ঞানের পবিত্রময় পীঠস্থান- কোনো বাণিজ্যালয় নয়। আশা করি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং দ্রুত বিদ্যালয়টিকে বিজ্ঞাপনমুক্ত করবেন।
রতন কুমার প্রসাদ, গ্রিন রোড, ঢাকা