আফগানিস্তানে সহকর্মীর গুলিতে ৭ পুলিশ নিহত
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৪, ২০:৫৫
আফগানিস্তানে উরুজগান প্রদেশে সহকর্মীর গুলিতে ৭ পুলিশ সদস্য নিহত হয়েছে। গত মঙ্গলবার শেষ রাতের দিকে তল্লাশি চৌকিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় এক কর্মকর্তা।
প্রদেশটির এক মুখপাত্র দুস্থ মোহাম্মদ নায়েব বলেন, হামলাকারী গুলি চালিয়ে তার ৭ সহকর্মীকে হত্যা করে। এরপর তাদের অস্ত্র নিয়ে পুলিশের গাড়ি করে পালিয়ে যায়। এখন পর্যন্ত এ হামলার দায়-দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে নায়েব বলেন, ঐ হামলাকারীর সাথে তালেবানের যোগাযোগ রয়েছে। সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীর ভেতর আন্তঃসংঘর্ষ বেড়েই চলছে। তারা নিজেরা নিজেদের ওপর অথবা ন্যাটো বাহিনীর সদস্যের ওপর হামলা চালাচ্ছে।
ওদিকে এর আগে মঙ্গলবার কাবুলে এক আফগান সেনার গুলিতে ইউএস মেজর জেনারেল হ্যারল্ড জে গ্রিনি নিহত হন এবং আহত হয় আরো ১৫ ইউএস ও ন্যাটো সেনা। আহতদের মধ্যে একজন জার্মান ও দুই আফগান জেনারেল রয়েছেন।