তরুণ নির্মাতাদের জন্য এটা একটা বড় সুযোগ ছিল :রাজীব সালেহীন

ঈদের আমেজ ইতোমধ্যে মিলিয়ে গেছে। ছোট পর্দার ব্যস্ততম মানুষগুলো এখন ব্যস্ত তাদের নিয়মিত কাজগুলো নিয়ে। নিয়মিত এই ব্যস্ততা নিয়েই এখন এগোচ্ছে তরুণ অভিনেতা ও নির্মাতা রাজিব সালেহিন। ঈদে বেশ কয়েকটি নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয় রাজিবের। এর মধ্যে তৌকীর আহমেদের ‘অনেক তারার রাত’, সাইফুল ইসলামের ‘আমারও তো একলা লাগে’, নাজনিন চুমকির ‘প্রেম নাকি ভালোবাসা’ নাটকগুলোর কথা জানান তিনি। রাজিবের এখনকার ব্যস্ততা ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে। প্রায় হাফ ডজন ধারাবাহিক নাটকের কাজ নিয়ে এখন ব্যস্ততার রেশ কানায় কানায় পূর্ণ তার। উল্লেখ্য নাটকগুলো হচ্ছে, এটিএন বাংলায় তৌকীর আহমেদের ‘জলপ্রপাত’, এনটিভিতে সাইফুল ইসলামের ‘চলো হারিয়ে যাই’, গোলাম সরোয়ার দোদুলের ‘কমেডি এট কলোনি’, আব্দুল্লাহ রানার ‘নীল আকাশের নিচে’, ফয়সাল আহমেদের ‘পূর্বা’। বেশ কয়েকটি ধারাবহিকের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। শীঘ্রই চ্যানেলগুলোতে প্রচার শুরু হবে। অভিনয়ের পাশাপাশি ইতোমধ্যে নির্মাতার খাতায়ও নাম লেখান রাজিব সালেহিন। ‘কেউ কথা বলে না’ শিরোনামের নাটকটি দিয়ে পরিচালনার যাত্রা শুরু তার। নাটকটি এই ঈদে দেশ টিভিতে প্রচারিত হয়। অন্যান্য অভিনেতা-অভিনেত্রী ছাড়াও সাত জন নির্মাতা নাটকটিতে অভিনয় করেছেন। যা গল্পে ভিন্ন এক চমক যোগ করে। রাজিব বলেন, ‘অভিনয়, নির্মাণ, চিত্রনাট্য লেখা সবকিছুই আমার ভালোলাগার অংশ। অভিনয় ও নির্মাণের সুযোগ হয়েছে। কিন্তু একে একে আমি সবকিছুই করতে চাই। আমার পরিচালনায় প্রথম নাটক এই ঈদে প্রচারিত হলো। ভালো সাড়া পেয়েছি। সুযোগ পেলে পরিচালনার কাজে নিয়মিত হবো। আমি বলবো তরুণ নির্মাতাদের জন্য এটা একটা বড় সুযোগ ছিল। আজকাল তো কোনো লবি ছাড়া ভাল চ্যানেলে নাটক প্রচার করা যায় না। সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি।’